দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পুণেতে নবরাত্রির অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়া, অব্যবস্থাপনা ও জোর করে গাড়িতে তোলার অভিযোগ করেছেন মডেল ও রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-এর প্রতিযোগী আকাঙ্ক্ষা চৌধুরী। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
পুণের পেডকর গ্রাউন্ডসে আয়োজিত নবরাত্রির অনুষ্ঠানকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। আকাঙ্ক্ষার দাবি, অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা তিন ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তবে তাঁদের ব্যবস্থাপনায় শুরু থেকেই নানা সমস্যা ছিল।
আকাঙ্ক্ষার অভিযোগ, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে আনতে আসেননি আয়োজকেরা। অথচ ওই সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। বারবার অনুরোধ জানানোর পরও তাঁকে অনুষ্ঠানস্থলে নেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি বলে দাবি করেন তিনি। পরিস্থিতি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথাও ভেবেছিলেন এই মডেল।
ঘটনার বর্ণনা দিয়ে আকাঙ্ক্ষা জানান, একপর্যায়ে তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে দর্শকদের সামনেই গাড়িটি থামিয়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে নিজের দলের কেউ না থাকায় এবং নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চাননি। তবে তাঁর অভিযোগ, আয়োজকেরা বিষয়টি গুরুত্ব না দিয়ে হাসাহাসি করতে থাকেন।
ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা বলেন, ‘জোর করে গাড়িতে বসিয়ে আমাকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়। দর্শকের সামনেই গাড়ি থামিয়ে দেয় ওরা। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে টিম নেই, তাই আমি ভিতরে ঢুকতে পারব না। নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেগুলো হাসছিল, আমার কথা শুনছিল না। কী বোকা একটা ম্যানেজমেন্ট! এরা একেবারে চোর। সকলের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে অথচ...।’
ঘটনাটিকে অপহরণের মতো পরিস্থিতি উল্লেখ করে আকাঙ্ক্ষা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারার পর গাড়িটি থামানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাকে এক রকম অপহরণই করে ফেলেছিল। আমি ওদের চড় মারার পর ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব। কাউকে ছাড়ব না।’
আকাঙ্ক্ষার অভিযোগের বিষয়ে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পারিশ্রমিক, ব্যবস্থাপনা ও জোর করে গাড়িতে তোলার অভিযোগ সম্পর্কে তাঁদের বক্তব্য জানা যায়নি।
এমএম/